ফরিদপুর সদরের করিমপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুরের আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস এবং ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং উভয় বাসের অন্তত ৮-১০ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, “নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

