সরকার পতনের লক্ষ্যে বিএনপির চলমান আন্দোলনে নেতৃত্বে থাকা নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি বলে জানিয়েছেন ছাত্রদলের একজন নেতা। তিনি বলেন, এই আন্দোলন কোনো কোটাবিরোধী আন্দোলন নয়, এটি সরাসরি স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে পরিচালিত একটি রাজনৈতিক সংগ্রাম।
মোঃ নুরনবী হোসাইন বাবু, যিনি নিউমার্কেট থানা ছাত্রদলের আওতাধীন ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন, জানান, “২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনে আমাদের মূল টার্গেট ছিল আওয়ামী লীগের পতন ঘটানো। তবে এই টার্গেট নতুন কিছু নয়, গত ১৭ বছর ধরেই বিএনপির একমাত্র লক্ষ্য হলো স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”
তিনি বলেন, “জুলাই মাসের শুরুতে আমরা ঢাকার মোহাম্মদপুরে কয়েকটি কর্মসূচি পালন করি। কিন্তু তারপর আমাদের অবস্থান আরও কঠিন হয়ে যায়। ১৮ জুলাইয়ে আন্দোলন থেকে পিছু হটার ঘোষণা এলেও আমরা তা মানিনি।”
ছাত্রদল নেতা বাবু দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে তাদের নির্দেশ দিয়েছেন—“এটা কোটা আন্দোলন নয়, এটা সরকার পতনের আন্দোলন। সবাই যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াও।” এরপর থেকেই তিনি ও তাঁর সহকর্মীরা কঠোর অবস্থানে মাঠে নামেন।
বাবু আরও জানান, “৩ আগস্ট ও ৪ আগস্ট আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি, তবুও রাজপথ ছাড়িনি। তারেক রহমানকে আমরা কথা দিয়েছি—এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব।”
এই বক্তব্য ছাত্রদলের একটি নিরলস ও ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

