বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
রবিবার (১০ আগস্ট) রাতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ নির্দেশনায় এ আহ্বান জানান।
নির্দেশনায় বলা হয়, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমানুষের মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এর ব্যবহার ক্রমেই বাড়ছে এবং প্রভাব বিস্তার করছে জনজীবনের নানা ক্ষেত্রে। তবে এ মাধ্যম ব্যবহারের সময় নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীলতা, সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, নারীর প্রতি সম্মান এবং ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে হবে।
ছাত্রদল নেতারা বলেন, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ করা প্রতিটি সদস্যের কর্তব্য। ভিন্ন মতাদর্শের রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতপার্থক্য থাকলেও তা প্রকাশ করতে হবে শ্রদ্ধাশীল ও ভদ্রভাবে। নারী অংশগ্রহণের ক্ষেত্রে ছাত্রদল সবসময় ইতিবাচক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণকে উৎসাহিত করে।
তারা আরও জানান, সংগঠন সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানে বিশ্বাসী। মুসলিম সমাজে পর্দার বিধানকে ছাত্রদল শ্রদ্ধা করে এবং অতীতে সেক্যুলারিজমের নামে পর্দা সীমিত করার প্রচেষ্টার বিরোধিতা করেছে, ভবিষ্যতেও করবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের উচিত ভদ্রতা, সংযম, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা।

