জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগরে বিএনপিপন্থী নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চলছে এবং এই পরিস্থিতির পেছনে রয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন। কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দিন বলেন, “সরকারি পদে থেকে নির্বাচনী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন আসিফ মাহমুদ। এর ফলে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা ভয়াবহ হয়রানির শিকার হচ্ছেন।”এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) সহ দলীয় নেতাকর্মীরা।
মামলা, গ্রেপ্তার ও মৃত্যুর মর্মান্তিক ঘটনা:
মুরাদনগর থানায় হামলা ও ভাঙচুরের মামলায় আটক থাকা ছাত্রদল নেতা নাজিম উদ্দীন গত ২৭ জুলাই উচ্চ আদালতের জামিন শেষে কুমিল্লার আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠায়।এ ঘটনায় নাজিমের মা অসুস্থ হয়ে পড়েন এবং ৩১ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে প্যারোলে মুক্তি পেয়ে কারাবন্দী অবস্থায় মায়ের জানাজায় অংশ নেন নাজিম উদ্দীন।
কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা:
নাজিমের মায়ের কবর জিয়ারতের সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, “গণঅভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, মুরাদনগরের বর্তমান পরিস্থিতি তার বিপরীত। এখানে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী নিজেদের আধিপত্য বজায় রাখছে।”তিনি দাবি করেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন সিনিয়র নেতাকর্মী বন্দি রয়েছেন এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।
“আওয়ামী লীগের কেউ এখন জেলে নেই”:
নাছির অভিযোগ করেন, “গত ১৬ বছরে যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আজ কুমিল্লা কারাগারে নেই। বরং তারা মুরাদনগরে স্বাধীনভাবে চলাফেরা করছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পরিবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছেন।”এ বিষয়ে জানতে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মোবাইল মেসেজেও কোনো উত্তর পাওয়া যায়নি।

