রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপির কোনো নেতার উপস্থিতি ছিল না। জানা গেছে, দলটি আনুষ্ঠানিকভাবে এই সমাবেশে কোনো আমন্ত্রণ পায়নি।
বিএনপির দাবি: দাওয়াত পাইনি
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “জামায়াতের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পাইনি বলেই বিএনপি এই সমাবেশে অংশ নেয়নি।”
জামায়াতের দাবি: সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে
অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন,”সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি সব দলের পক্ষ থেকেই সাড়া মিলবে। আমরা নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি।”
সাত দফা দাবিতে সমাবেশ শুরু
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ছিল নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি। সমাবেশে সাত দফা দাবির পক্ষে স্লোগান দেওয়া হয় এবং দলীয় নেতারা বক্তব্য রাখেন।
এই দফাগুলোর মধ্যে রয়েছে—অবাধ নির্বাচন, নিরপেক্ষ সরকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাজনৈতিক সহিংসতা বন্ধ, ইসলামবিরোধী কার্যক্রম রোধ এবং দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধঃপতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ।

